ধর্ষণ ও এর ভিডিও ধারণের মামলায় গ্রেপ্তার মিরপুর মডেল থানার এসআই আব্দুর রকিব খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার ওই উপপরিদর্শককে (এসআই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
অপরদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন।
পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাব্বির ইয়াসির আহসান চৌধুরী তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে জামিন শুনানির জন্য ৭ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন।
মিরপুর মডেল থানার ওসি মোস্তাজিজুর রহমান দেশ রূপান্তরকে বলেন, এস আই আবদুর রকিব আমার থানায় কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে মামলা হওয়ায় শেরে বাংলা থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
তিনি জানান, এসআই আব্দুর রকিবের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে এক তরুণী ধর্ষণের মামলা করেন।
শেরে বাংলা নগর থানার ওসি জানে আলম মুনশি দেশ রূপান্তরকে বলেন, রাতেই আগারগাঁওয়ের তালতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে জানতে পেরেছি, দীর্ঘদিন ধরেই দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল। এখন কোনো বিষয় নিয়ে মতের অমিল হওয়ায় তরুণী মামলা করেন। তবে ভিডিও ধারণের কোনো তথ্য পাওয়া যায়নি।
তিনি জানান, ধর্ষণের আলামত পরীক্ষার জন্য ভুক্তভোগীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে অভিযুক্ত রকিবকে আটক করা হয়েছে। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তারাইলে।
