টাঙ্গাইলের ঘাটাইলের মুলবাড়ী গ্রামের ব্যবসায়ী মো. হাবিবুল্লাহর (২৪) হত্যাকান্ডের বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে দেওজানা বাজার বণিক সমিতি এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, এই হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। অবিলম্বে খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। দেশে বিরাজমান হত্যা আমাদের সবাইকে দুশ্চিন্তায় ফেলে দিচ্ছে। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন এই পশ্চাৎপদ মানুষগুলোর কারণে আমাদের সমাজ কলুষিত হয়ে পড়ছে। এ ছাড়া মানববন্ধনে অংশগ্রহণকারীরা সমাজে ঘটে যাওয়া খুনের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করে সমাজে দৃষ্টান্ত স্থাপনের দাবি করেন।
গত বছরের ২৬ ডিসেম্বর রাতে নিখোঁজ হওয়ার পর ৩০ ডিসেম্বর ব্যবসায়ী হাবিবুল্লাহর লাশ উদ্ধার হয়। পূর্বশত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে দু’চোখ তুলে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের। হাবিবুল্লাহ ঘাটাইল মুলবাড়ী এলাকার আবু জাফর স্বপনের ছেলে।
