নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া ও আল আমিন নগর এলাকা থেকে ১৫ লাখ টাকার চোরাই টাইলস উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে অভিযান চালিয়ে টাইলস উদ্ধার ও চরজনকে আটক করা হয়।
আটকরা হলেন ভোলার সদরের ইসমাইল, চন্দ্রপ্রসাদ এলাকার ফারুক, দৌলতখানের কাশেরহাট এলাকার টিপু ও ঝালকাঠির নলছিটি থানার কুসঙ্গগ্রামের মিজান। তারা মিজমিজি এলাকার ভাড়াটে ছিলেন বলে পুলিশ জানিয়েছে। যাত্রাবাড়ী থানার এসআই মাসুদ জানান, যাত্রাবাড়ী এলাকার তাইজউদ্দিনের ‘ঢাকা মোজাইক’ ও হাসানুর রহমান রশিদের ‘যাত্রাবাড়ী থাই’ দোকানের গোডাউন থেকে টাইলস চুরি হয়। এই চুরির ঘটনায় গত ২৯ ডিসেম্বর হাসানুর রহমান রশিদ যাত্রাবাড়ী থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ তদন্ত করে গোপন সূত্রে জানতে পেরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার সৈয়দ হুমায়ূন হোসেনের বাড়ি ও পাগলাবাড়ি আল আমিন নগর এলাকার ডাক্তার ফারুকের ফার্মেসি থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়।
