সিটিটিসির (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট) প্রধান মনিরুল ইসলাম বলেছেন, জরিমানা করে, হাজত খাটিয়ে কিংবা ফাঁসি দিয়ে জঙ্গিবাদ বন্ধ করা যাবে না। কারণ উগ্রবাদের চাষাবাদ হয় মস্তিষ্কে। গতকাল শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক কর্মশালায় এ কথা বলেন তিনি।
মনিরুল ইসলাম বলেন, জঙ্গিবাদ, উগ্রতা দমন বা নিয়ন্ত্রণ করা শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ নয়, এ কাজ সবার। তাহলেই সম্প্রীতির সংস্কৃতি, পরমতসহিষ্ণু মানসিকতার একটা সহনশীল প্রজন্ম গড়ে উঠবে। ‘তারুণ্যের বাংলাদেশ’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে দর্শক শ্রোতা পাঠক (ডিএসপি) ও উৎসর্গ বাংলাদেশ। এতে ডিএসপি ও উৎসর্গের জেলার প্রতিনিধিরা অংশ নেন। সভাপতির বক্তব্যে মুক্তিযোদ্ধা ও ডিএসপির সভাপতি জিয়াউল হাসান বলেন, মুক্তিযুদ্ধের সময়ে এ দেশের তরুণদের প্রত্যাশা ও স্বপ্ন ছিল। যার কারণে স্বাধীনতা এসেছে। কিন্তু মুক্তির লড়াই শেষ হয়নি।
