বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়েছে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর
ফরিদপুর : সকালে শহরের জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও ছাত্রলীগের পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক ঘুরে ফরিদপুর প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। দলটির নেতাকর্মীরা সেখানে কেক কেটে জন্মদিনের অনুষ্ঠান পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি সুবল চন্দ্র সাহা, শহর আওয়ামী লীগ সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ ।
বরিশাল : সকালে গৌরনদী উপজেলা, সরকারি কলেজ ও পৌর ছাত্রলীগের যৌথ উদ্যোগে বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। পরে কেক কাটা হয়। এরপর বের করা হয় আনন্দ শোভাযাত্রা। শেষে দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের ইসলাম সান্টু ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান হারিছ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন প্রমুখ।
সুনামগঞ্জ : দিরাইয়ে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা হয়। দুপুর ১২টায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দিরাই কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কেক কাটেন সংগঠনের নেতাকর্মীরা। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। দিরাই কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সজীব নুরের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা সোহেলা মিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার প্রমুখ।
ভৈরব (কিশোরগঞ্জ) : বেলা সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয় চত্বরে কেক কেটে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা আলহাজ মো. সায়দুল্লাহ মিয়া। এ সময় তিনি ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমান লিমনের মুখে কেক তুলে দেন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।
হাকিমপুর (দিনাজপুর) : সকালে বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এর আগে গত শুক্রবার রাত ১২টা ১ মিনিটে কেক কাটেন হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত।
হাতিয়া (নোয়াখালী) : সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম রাজুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মদ, হাতিয়া পৌরসভার মেয়র এ কে এম ইউছুপ আলী প্রমুখ।
শাবি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রলীগ শনিবার রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের সামনে থেকে একটি মিছিল বের করে। পরে মিছিলটি বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। মিছিল-পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
