অভিযোগ অতিথি পাখির, মেয়র বললেন বনমোরগ

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ১১:৫৫ পিএম

চট্টগ্রামের বাঁশখালী ইকোপার্কে বেড়াতে গিয়ে পৌরসভার মেয়র শেখ সেলিমুল হক চৌধুরীর বিরুদ্ধে অতিথি পাখি শিকারের অভিযোগ উঠেছে।

এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে সমালোচনা শুরু হয়। তবে, শনিবার মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, অতিথি পাখি নয় বনমোরগ মারার চেষ্টা করেছিলাম।

জানা যায়, শুক্রবার বিকেলে লাইসেন্স করা শটগান নিয়ে বাঁশখালী ইকোপার্কে বেড়াতে যান মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী। তিনি পার্কে যাওয়ার কিছুক্ষণ পর একটা বিকট আওয়াজ হয়। ওই সময় ইকোপার্কে উপস্থিত দর্শনার্থীরা অভিযোগ করেন, মেয়র অতিথি পাখিকে লক্ষ্য করে শটগানের গুলি ছুড়েছেন।

এ ব্যাপারে বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, আমি তখন পার্কে ছিলাম না। অনেকের মুখে শুনেছি। ঘটনা সত্য হলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী এ বিষয়ে দেশ রূপান্তরকে বলেন, আমার বয়স ৬৮। আমি মিথ্যা বলব না, একজন মেয়র হিসাবে আমার কাণ্ডজ্ঞান নেই যে আমি পার্কে গিয়ে অতিথি পাখি শিকার করব! প্রকৃত ঘটনা হলো আমার বাড়ির পূর্ব পাশে একটা বনমোরগ দেখে সেটা শিকার করার চেষ্টা করি, তবে তাও পারিনি।

তিনি আরও বলেন, আমার প্রতিপক্ষের লোকজন আমাকে ফাঁসাতে অপপ্রচার চালাচ্ছে। শটগান দিয়ে কি পাখি শিকার করা যায়!

বাঁশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম মজুমদার বলেন, এ ধরনের খবর শোনার পর আমি মেয়রের কাছে জানতে চেয়েছিলাম, তিনি আমাকে বাড়ির পাশে শটগান দিয়ে বনমোরগ মারার চেষ্টা করেছে বলে জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত