কাভার্ড ভ্যানে বস্তাভর্তি বিদেশি মদ পাচারকালে চট্টগ্রামের আনোয়ারায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই গাড়িতে মদের বোতলগুলো নিয়ে যাচ্ছিলেন তারা।
গতকাল রবিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের পারকি বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ওই সময় বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ২৫২ বোতল মদ ও গাড়িটি জব্দ করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার নিজাম হামজা এলাকার ইসমাইল (৪৫) ও সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকার গাড়িচালক সেকান্দর (৪৫)।
আনোয়ারা থানার এএসআই রেজাউল করিম জানান, পারকি সৈকত থেকে মদ কিনে নিয়ে যাওয়ার সময় গাড়ি ধাওয়া করে মদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
