বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-ম্যানচেস্টার রুট উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
গতকাল রবিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি নতুন এ রুটে বিজি ০০৭ ফ্লাইট উদ্বোধন করেন। এ সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিমান পরিচালনা পর্যদের চেয়ারম্যান, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, ব্রিটিশ ডেপুটি হাইকমিশনারসহ মন্ত্রণালয়, বিমান, সিভিল এভিয়েশন ও বিমানের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রায় আট বছর বন্ধ থাকার পর ঢাকা ও যুক্তরাজ্যের ম্যানচেস্টারের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে। প্লেন সংকটের কারণে ২০১২ সালের সেপ্টেম্বরে রুটটিতে ফ্লাইট বন্ধ করে দিয়েছিল বিমান।
বিমান বহরে সদ্য সংযোজিত ‘বোয়িং বিমানের ঢাকা ৭৮৭-৯’ ড্রিমলাইনার দিয়ে ঢাকা-ম্যানচেস্টার রুটের যাত্রা শুরু হয়েছে। সপ্তাহে তিন দিন রবি, মঙ্গল ও বৃহস্পতিবার এ রুটে বিমানের ফ্লাইট পরিচালিত হবে।
