রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল রবিবার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তাররা হলো মো. নাসির (২৯), কামরুল ইসলাম ওরফে মুন্না (২৮), জহুরুল ইসলাম (২৯) ও আল আমীন (২৭)।
গোয়েন্দা পূর্ব বিভাগের ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রফিকুল ইসলাম জানান, শনিবার বিকেলে বাংলা মোটর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করত। গ্রেপ্তারদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা হয়েছে।
