আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে পরাজয় আঁচ করতে পেরে বিএনপি নেতারা আবোল-তাবোল বকছেন বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল রবিবার রমনা পার্ক রেস্তোরাঁয় আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল-উত্তর প্রীতিভোজ ও পুনর্মিলনী অনুষ্ঠানে এ মন্তব্য করে তিনি বলেন, বিএনপি নেতাদের চোখেমুখে এখন হারের সুর। বিএনপি আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে এবং এ নির্বাচনকে দলটির নেতারা প্রহসনের নির্বাচন বলছেন। এ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন এখনো হলোই না, এর মধ্যে নির্বাচন নিয়ে মির্জা ফখরুল সাহেব, মওদুদ সাহেব এখনই আগাম মন্তব্য করলেন। এটা বিএনপির পুরনো স্বভাব। তারা এভাবেই কথা বলেন। তারা নির্বাচন হওয়ার আগেই হেরে গেছেন। তাদের চোখেমুখে পরাজয়ের সুর। ওবায়দুল কাদের বলেন, এ দেশে দেখা যায় যারা আন্দোলনে পরাজিত হয়, তারা কোনোদিন নির্বাচনে বিজয়ী হয় না। বিএনপি আন্দোলনে পরাজিত, নির্বাচনেও তারা পরাজিত হবে এটা ভালো করেই জানে। এজন্য তাদের কথামালার চাতুরী। নির্বাচন হওয়ার আগেই নির্বাচন সম্পর্কে আগাম বিষোদ্গার, সরকারি দলকে অভিযোগ করে যাচ্ছে। বিএনপি নেতাদের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘জাতি দেখবে এ দেশে কেমন নির্বাচন হয়। আমরা বলেছি নির্বাচন কশিমনকে একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন অনুষ্ঠানের জন্য সর্বাত্মক সহযোগিতা করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন, ভোটারদের ঘরে ঘরে যাওয়ার জন্য। আমরা নির্বাচনকে প্রহসনে পরিণত করলে আমরা কেন জনগণের দোরগোড়ায় ভোট ভিক্ষা করতে যাব। ওবায়দুল কাদের বলেন, অতীতে দেখা গেছে রেজাল্ট ঘোষণার আগে ব্যাপক কারচুপি, সরকারি দলের জালিয়াতি; এসব কথা বিএনপি বলেই থাকে। কাজেই এসব নিয়ে আমরা মাথা ঘামাই না। দেশ পরিবারতন্ত্রের দিকে যাচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বেগম খালেদা জিয়া, তারেক জিয়া, এরা কোন পরিবারের নেতা আমরা জানতে চাই। বিএনপির মূল নেতৃত্বই তো একটি পরিবার থেকে এসেছে। এটা বেগম জিয়া ও তার সন্তান; তারাই তো হর্তা-কর্তা, বিধাতা। এখানে মির্জা ফখরুল তো তাদেরই ইয়েস ম্যান হিসেবে কাজ করে।’ আওয়ামী লীগে গণতন্ত্র আছে দাবি করে তিনি বলেন, বিএনপিতে গণতন্ত্র নেই। তারা আমাদের এক বছর আগে সম্মেলন করেছে কিন্তু আজ পর্যন্ত আর সম্মেলন করতে পারেনি।’ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ক্ষমতার জন্য নয়, মানুষের জন্য রাজনীতি করেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি পরবর্তী নির্বাচন নয়, পরবর্তী জেনারেশনের জন্য কাজ করে যাচ্ছেন।’
×
