কক্সবাজারের উখিয়া উপজেলায় বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হয়েছে।
সোমবার ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।
নিহতরা হলো টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. ইসমাইল (২৮) ও মো. হেলালউদ্দিন (২০)।
বিজিবির দাবি, নিহতরা ইয়াবা কারবারি ছিল। ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা, একটি একনলা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও ইউএনএইচসিআরের একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আল আজাদ আহমেদ জানান, মিয়ানমার থেকে সীমান্ত দিয়ে ইয়াবার বড় চালান বাংলাদেশে আনা হচ্ছে– এমন গোপন খবরে পালংখালী বিওপির সদস্যরা টহলে যায়। এ সময় পাঁচ-ছয়জনের একটি দলকে চ্যালেঞ্জ করা হলে, তারা বিজিবিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। বিজিবিও পাল্টা গুলি চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে ১০-১৫ রাউন্ড গুলি বিনিময় হয়। এতে ইয়াবা কারবারি দুই রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বন্দুকযুদ্ধে বিজিবির এক সদস্য আহত হয়েছেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর ময়নাতদন্তের জন্য লাশ দুটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।
