ঝিনাইদহের শৈলকুপার গাড়াগঞ্জ এলাকায় বাস চাপায় সোহাগ হোসেন (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
বুধবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ হোসেন শৈলকুপা উপজেলার রানীনগর গ্রামের ইসাহাক আলীর ছেলে। তিনি শৈলকুপার মিয়া জিন্নাহ আলম ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত (ওসি) বজলুর রহমান জানান, সকালে সোহাগ গাড়াগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিক থেকে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
