জয়পুরহাটে কিশোরের মরদেহ উদ্ধার

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ০২:৪৭ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে জিহাদ (১৫) নামে এক হোটেল শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার চাঁনপাড়া এলাকার আলুর জমির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হোটেল শ্রমিক একই উপজেলার ফিসকারঘাট গ্রামের মজনু মিয়ার ছেলে।

নিহত জিহাদের মামা রশিদুল ইসলাম বলেন, প্রায় দেড় বছর ধরে ভাগ্নে জিহাদ চাঁনপাড়া বাজারের আবুল কালামের হোটেলে কাজ করতো। গত তিনদিন আগে তার মা এসে জিহাদকে বাড়ি নিয়ে যায়। মঙ্গলবার বন্ধুর বাড়িতে বেড়াতে আসার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি জিহাদ।

বুধবার ভোরে জানতে পারি চাঁনপাড়া এলাকার একটি আলুর জমির পাশ থেকে ভাগ্নের মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান জানান, বুধবার ভোরে এলাকার কয়েকজন কৃষক মাঠে কাজ করতে যাওয়ার সময় আলুর জমির পাশে মরদেহ দেখতে পায়। স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে ঘটনার সত্যতা জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত