যে কোনো স্থান থেকে ঢাকা কালেক্টরেটের ভার্চুয়াল রেকর্ড রুমে প্রবেশ করে ঢাকা জেলার আরএস খতিয়ান ও মৌজা ম্যাপ দেখা যাবে। এছাড়া, নির্ধারিত ফি জমা দিয়ে land.gov.bd বা rsk.land.gov.bd ওয়েবসাইট থেকে আরএস খতিয়ান ও মৌজা ম্যাপের সার্টিফায়েড কপিও পাওয়া যাবে।
ভূমি মন্ত্রণালয় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানায়, মাত্র ৪৫ টাকার বিনিময়ে মোবাইল কিংবা অনলাইনে ফি পরিশোধ করে সরাসরি কিংবা ডাকযোগে তিন কার্যদিবসের মধ্যে আরএস খতিয়ান ও মৌজা ম্যাপের সার্টিফায়েড কপি পাওয়া যাবে।
মৌজা ম্যাপ পাওয়ার জন্য ওয়েবসাইটে প্রবেশ করার পর প্রথমে সিট নম্বর বাছাই করতে হবে। এরপর ‘ক্যাপচা’র যোগফল লিখে ‘খুঁজুন’ বাটনে ক্লিক করলে মৌজা ম্যাপ/নকশা প্রদর্শিত হবে।
সার্টিফায়েড কপি পেতে সার্টিফায়েড বা অনলাইন কপির বাটনে ক্লিক করে আবেদন করতে হবে। প্রদর্শিত ফরমটি পূরণ করার পর প্রয়োজনীয় ফি মোবাইল ব্যাংকিং বা অনলাইনের মাধ্যমে দিয়ে তিন দিনের মধ্যে ডাকযোগে মৌজা ম্যাপ/নকশার সার্টিফায়েড কপি পাওয়া যাবে।
গত ২ জানুয়ারি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকা কালেক্টরেটের ভার্চুয়াল রেকর্ড রুমের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। আগামী ছয় মাসের মধ্যে সারা দেশে ভার্চুয়াল রেকর্ডরুম চালু হবে বলে সেদিন ঘোষণা দেন তিনি।
