ঘন কুয়াশায় মাঝ পদ্মায় ৩ ফেরি নোঙর, ভোগান্তি

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ০১:০৮ এএম

পদ্মা অববাহিকায় ঘন কুয়াশার কবলে মাঝ পদ্মায় ফেরি নোঙরে থেকে দুর্ভোগ সহ্য করেছেন হাজারও যাত্রী। শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ-পথে ৫ ঘণ্টা এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-পথে আট ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পাড়ে দেখা দেয় যানবাহনের দীর্ঘ সারি। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

মুন্সীগঞ্জ : লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকে। গত মঙ্গলবার রাত ১টা থেকে পরদিন গতকাল বুধবার সকাল ৬টা পর্যন্ত ব্যস্ততম এ নৌরুটে ফেরি, স্পিডবোট ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। এছাড়া কুয়াশার কবলে প্রায় অর্ধশত ছোট-বড় যানবাহন নিয়ে তিনটি ফেরি মাঝ পদ্মায় নোঙরে থাকায় তীব্র শীতে গভীর রাতে হাজারো যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। শিমুলিয়া ও কাঁঠালবাড়ীর উভয় ঘাটে পাঁচ শতাধিক যানবাহন ঘণ্টার পর ঘণ্টা ধরে পারাপারের অপেক্ষায় থাকে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক (বানিজ্য) শফিকুল আলম জানান, দিকনির্দেশক সিগন্যাল বাতি ও মার্কিং পয়েন্ট নির্ণয় করা দুষ্কর হয়ে ওঠায় দুর্ঘটনা এড়াতে ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়।

মানিকগঞ্জ : ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আট ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল বুধবার সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু করে। এর আগে গত মঙ্গলবার রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় নৌ-কর্র্তৃপক্ষ। রাত থেকে টানা ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে শত শত যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় ছিল।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান বলেন, তীব্র কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। বর্তমানে এ নৌরুটে ১৫টি ফেরি থাকলেও ১২টি দিয়ে যানবাহন পার করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত