এবার মাদাম তুসো থেকে আলাদা হলো হ্যারি-মেগানের মোমের মূর্তি

আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ০৩:০৬ পিএম

রাজপরিবার থেকে আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান। তারা ‘সিনিয়র রয়্যাল’ হিসেবে আর গণ্য হতে চান না। তাদের এই সিদ্ধান্ত ব্রিটিশ রাজপরিবারে ঝড় তোলে।

এবার লন্ডনের মাদাম তুসো জাদুঘরেও রাজপরিবার থেকে আলাদা করে দেয়া হলো ডিউক এবং ডাচেস অব সাসেক্সকে।

সিএনএন জানায়, বুধবার রানি দ্বিতীয় এলিজাবেথকে না জানিয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স হ্যারি ও মেগান। এতে রানিসহ রাজপরিবারের শীর্ষ সদস্যরা মর্মাহত হয়েছেন।

এই ঘোষণার পরই মাদাম তুসো জাদুঘর কর্তৃপক্ষ জানায়, রাজপরিবারের শীর্ষ সদস্যদের সঙ্গে থাকছেন না হ্যারি-মেগান জুটি।

রানি এলিজাবেথ দ্বিতীয় ও স্বামী প্রিন্স ফিলিপ, প্রিন্স চার্লস ও  স্ত্রী ক্যামিলা, প্রিন্স উইলিয়াম ও স্ত্রী কেট মিডলটনের সঙ্গে ছিল হ্যারি-মেগানের মোমের মূর্তিও। তবে তাদের এখন আর ওই কক্ষে রাজপরিবারের 'সিনিয়র রয়্যালদের' সঙ্গে রাখা হবে না। সেগুলো সরিয়ে দেওয়া হচ্ছে।

এর আগে এক বিবৃতিতে প্রিন্স হ্যারি ও মেগান বলেন, ‘আমরা রয়্যাল ফ্যামিলির সিনিয়র সদস্য হিসেবে পদত্যাগ করতে চাই। আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে কাজ করার পরিকল্পনা নিয়েছি। তবে মহামান্য রানির প্রতি সমর্থন অব্যাহত রাখতে চাই।’

তারা বলেন, ‘আমরা পরস্পর অনেক আলোচনার পরই এই সিদ্ধান্ত নিয়েছি। এটি অনেক মাসের আলোচনার ফল।’

নাতি প্রিন্স হ্যারির এমন সিদ্ধান্তে হতাশ ও ক্ষোভ প্রকাশ করেছেন ব্রিটিশ রানি। তিনি ছাড়াও ভাই প্রিন্স উইলিয়ামসহ রাজপরিবারের কারও থেকে পরামর্শ নেননি প্রিন্স হ্যারি।  তাদের পুরো সিদ্ধান্তে বাকিংহাম প্যালেস মর্মাহত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত