আদালতে জবানবন্দি দিলেন ঢাবি ছাত্রী

আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ১০:০৫ পিএম

ধর্ষণের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রী আদালতে জবানবন্দি দিয়েছেন। শুক্রবার মহানগর মুখ্য হাকিমের আদালত (সিএমএম) ওই শিক্ষার্থীর জবানবন্দি রেকর্ড করেন।

আদালত সংশ্লিষ্টরা জানান, মামলার তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তা ওই ছাত্রীকে আদালতে হাজির করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আদালত অনুমতি দিলে, ওই ছাত্রী সেদিন যা যা ঘটেছিল তার বিস্তারিত বর্ণণা দেন।

এর আগে বৃহস্পতিবার এই ধর্ষণ মামলায় গ্রেপ্তার মজনুকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ঢাকার সিএমএম আদালত। আসামি মজনু ডিবি হেফাজতে রয়েছেন।

পুলিশের পক্ষ থেকে আদালতে দেওয়া প্রতিবেদনে জানানো হয়, রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী রাজধানীর কুর্মিটোলা বাসস্ট্যান্ড থেকে ফুটপাত দিয়ে হেঁটে গলফ ক্লাবসংলগ্ন স্থানে পৌঁছান। এ সময় আসামি মজনু তাকে পেছন থেকে গলা ধরে মাটিতে ফেলে দেন। তার গলা চেপে ধরেন। ছাত্রী চিৎকার করতে গেলে মজনু তাকে কিলঘুষি মারেন। ভয়ভীতি দেখান। ছাত্রী অজ্ঞান হয়ে গেলে তাকে ধর্ষণ করেন আসামি মজনু। মজনুকে রাজধানী থেকে গ্রেপ্তার করে র‍্যাব-১। আসামির স্বীকারোক্তি অনুযায়ী, তার কাছ থেকে ভুক্তভোগী ছাত্রীর খোয়া যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত