বিশ্বসাহিত্য কেন্দ্রে চলছে ‘আলোকচিত্রে তেওতা’

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ১২:৫৮ এএম

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের চিত্রশালায় শুরু হয়েছে ‘আলোকচিত্রে তেওতা’ শীর্ষক প্রদর্শনী। কেন্দ্রের আলোর ইশকুল- ফটোগ্রাফি কোর্সের ৭ম আবর্তনের ৫০ জন নবীন আলোকচিত্রীর ছবি স্থান পেয়েছে প্রদর্শনীতে।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত। মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামের নানা চিত্র উঠে এসেছে প্রদর্শনীতে। তেওতার পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনা নদী ও তার তীরবর্তী মানুষের যাপিত জীবনের মুহূর্ত এবং নৈসর্গিক রূপময়তাকে ফ্রেমবন্দী করা ছবি স্থান পেয়েছে প্রদর্শনীতে। প্রদর্শনীটির কিউরেটর হিসাবে দায়িত্বপালন করেছেন আলোকচিত্রী কে এম জাহাঙ্গীর আলম। 

বিশ্বসাহিত্য কেন্দ্রের যুগ্ম-পরিচালক (প্রোগ্রাম) মেসবাহ উদ্দিন আহমেদ সুমন জানান, কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত তেওতা গ্রাম। যমুনা নদী, নবরত্ন মঠ, জমিদার বাড়ি এবং সবুজের সমারোহ এই গ্রামকে ভিন্নমাত্রা দিয়েছে। তেওতা গ্রামে গত ৬ ডিসেম্বর আলোকচিত্র কোর্সের সদস্যদের নিয়ে দিনব্যাপী ছবি তোলার আয়োজন করা হয়। সেখান থেকে বাছাইকৃত ৫০টি ছবি নিয়ে এই আলোকচিত্র প্রদর্শনীটি আয়োজন করা হয়েছে।

চার মাস মেয়াদি আলোকচিত্র কোর্সের ৭ম ব্যাচের কোর্স শুরু হয় গত ৩১ আগস্ট। তাত্ত্বিক, ব্যবহারিক এবং কর্মশালা মিলে মোট ২৬টি ক্লাস করানো হয়। ফটোগ্রাফি সম্বন্ধে মৌলিক ধারণা দেওয়া ও সেই সঙ্গে অংশগ্রহণকারীদের ভেতর ফটোগ্রাফি সম্বন্ধে শৈল্পিক উৎসাহ জাগিয়ে তোলা এই চক্রের লক্ষ্য বলে জানান কোর্স সমন্বয়ক মেসবাহ উদ্দিন আহমেদ। কোর্সটি পরিচালনা করেছেন আলোকচিত্র প্রশিক্ষক জনাব মীর শামছুল আলম বাবু। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত