হিন্দু ছাত্র মহাজোটের হুঁশিয়ারি

তারিখ না বদলালে ঢাকা সিটির ভোট বর্জন করা হবে

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ০২:৪৯ এএম

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তন না হলে হিন্দু সম্প্রদায় ভোট দেবে না বলে হুঁশিয়ার করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ কথা জানায়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২৯ ও ৩০ জানুয়ারি সরস্বতী পূজা। হিন্দু সম্প্রদায়ের ছাত্রছাত্রীসহ এই ধর্মের সব পেশার মানুষ সকালে উপবাস থেকে জ্ঞানের দেবী সরস্বতীর পূজা ও বিশেষ আরাধনা করে থাকে। কিন্তু দুঃখের বিষয়, নির্বাচন কমিশন ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের দিন ধার্য করেছে। এই দিন নির্বাচন হলে হিন্দু সম্প্রদায় পূজা আরাধনা রেখে ভোটকেন্দ্রে যেতে পারবে না। আর স্কুল-কলেজে ভোটকেন্দ্র স্থাপনের ফলে সেখানে সরস্বতী পূজা বন্ধ হয়ে যাবে। সরকার ইচ্ছাকৃতভাবে হিন্দু সম্প্রদায়কে ধর্মবিমুখ করার উদ্দেশ্যে ওই দিনগুলোতে নির্বাচনের দিন বেছে নিয়েছে বলে তারা মনে করেন।

বক্তারা আরও বলেন, ৩০ জানুয়ারি বাদ দিয়ে অন্য যেকোনো দিন ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ নির্ধারণের জন্য নির্বাচন কমিশনার ও সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত