বঙ্গবন্ধু বিপিএল টি-টোয়েন্টিতে এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে শীর্ষ চার দল। প্লে-অফের লড়াইয়ের আগে ড্রেস রিহার্সেল লড়াইয়ে মুখোমুখি মুখোমুখি রাজশাহী রয়্যালস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাতে টস জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চট্টগ্রামকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন রাজশাহীর অধিনায়ক আন্ড্রে রাসেল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটিতে জয় পেলে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই লিগ পর্ব শেষ করবে চট্টগ্রাম। এগারো ম্যাচে আট জয়ে তাদের পয়েন্ট ১৬। সমান ম্যাচ খেলে ১৪ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থস্থানে আছে যথাক্রমে খুলনা টাইগার্স, ঢাকা প্লাটুন ও রাজশাহী রয়্যালস।
চট্টগ্রাম হেরে গেলে ষোলো পয়েন্ট ও বেশি রান রেট নিয়ে আপাতত শীর্ষে উঠে আসবে রাজশাহী। কিন্তু খুলনা ও ঢাকা মধ্যকার দিনের অপর ম্যাচের জয়ী দলের কাছে এই স্থান হারাতে হবে তাদের।
একই ভেন্যুতে গত মঙ্গলবার মাহমুদউল্লাহ রিয়াদের চট্টগ্রামের কাছে ৭ উইকেটে হেরেছিল রাজশাহী। সে অর্থে এবার প্রতিশোধ নেওয়ার পালা দলটির।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: ক্রিস গেইল, জুনায়েদ সিদ্দিক, ইমরুল কায়েস, চ্যাডউইক ওয়াল্টন, মাহমুদউল্লাহ (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটকিপার), লিয়াম প্লাঙ্কেট, রায়াদ এমরিট, রুবেল হোসেন, নাসুম আহমেদ, জিয়াউর রহমান
রাজশাহী রয়্যালস একাদশ: লিটন দাস (উইকেটকিপার), আফিফ হোসেন, শোয়েব মালিক, রবি বোপারা, আন্ড্রে রাসেল (অধিনায়ক), অলক কাপালি, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম, মোহাম্মদ ইরফান ও আবু জায়েদ রনি
