বিদেশিদের মেলায় চান উদ্যোক্তারা

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ০১:১৬ এএম

দেশে প্রথমবারের মতো চলছে জাতীয় বস্ত্রমেলা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই মেলার প্রথম দিনে দর্শনার্থী না থাকলেও গতকাল শনিবার মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বেচা-বিক্রি ও ক্রেতাদের সঙ্গে যোগাযোগ বাড়ায় আশাবাদী বিক্রেতারা। আর এক স্থান থেকে পছন্দমতো পণ্য কিনতে পারায় খুশি ক্রেতারাও। তবে বেশিরভাগ শাড়ির ডিজাইন ভারতীয় শাড়ির নকল হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। বিদেশি কাপড় আমদানি বন্ধ করতে উন্নতমানের দেশীয় বস্ত্র উৎপাদনে সরকারের সহায়তা চেয়েছেন উদ্যোক্তারা। এছাড়া আগামীতে মেলায় বিদেশি দর্শনার্থীদের আনার জন্য প্রচারণা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তারা। সেইসঙ্গে পথশিশুদের তাঁত প্রশিক্ষণ দিয়ে এ শিল্পের তাঁতি সংকট দূর করার আহ্বান জানান ব্যবসায়ীরা।

গতকাল শনিবার মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, প্রায় সবক’টি স্টলেই ভিড় করে আছেন দর্শনার্থীরা। জামদানি, টাঙ্গাইলের সিল্ক, মনিপুরি শাড়ি, টাঙ্গাইলের শাড়িসহ বিভিন্ন তাঁতপণ্যের পসরা সাজিয়ে বসে আছেন স্টলের মালিকরা। এসব পণ্য ঘুরে ঘুরে দেখছেন দর্শনার্থীরা। নিজেদের পছন্দমতো কেউ কেউ কিনছেন। অনেকে আবার পরবর্তী সময়ে কেনার জন্য বিক্রেতার ফোন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে রাখছেন।

মেলায় স্টল নেওয়া রাজশাহী সিল্ক সিটির স্বত্বাধিকারী বজলুর রহমান বলেন, ‘গত বৃহস্পতিবার মেলা উদ্বোধন হলেও খুব বেশি জমেনি। শুক্রবার বন্ধ ছিল। তবে আজ (শনিবার) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থী ও ক্রেতা বেড়েছে। প্রথমবার এই মেলা আয়োজিত হচ্ছে। সে তুলনায় দর্শনার্থী ভালোই হয়েছে। সবচেয়ে আশার বিষয় হলো, এখানে অনেক বড় বড় শোরুমের লোকজন এসে যোগাযোগ করছেন। আশা করছি এসব শোরুমে পরবর্তী সময়ে অর্ডার সরবরাহ করা যাবে। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বিদেশি দর্শনার্থীদের মেলায় আনা। এটা করা গেলে আমাদের বিক্রি অনেক বাড়বে।’

নারায়ণগঞ্জ থেকে আসা আনোয়ার জামদানির স্বত্বাধিকারী আনোয়ার বলেন, ‘আমাদের জামদানি দেশের অন্যতম সেরা। এর আগে তাঁত বোর্ডের বিভিন্ন মেলায় অংশ নিয়েছি। তবে বস্ত্রমেলায় অংশ নিয়ে এর পার্থক্য বুঝতে পেরেছি। মিরপুর তাঁতি সমিতির সভাপতি মো. রফিক দেশ রূপান্তরকে বলেন, তাঁত বোর্ড আমাদের বরাদ্দ দেওয়া জমি হস্তান্তর না করায় ঋণ পাচ্ছি না। এজন্য ভারতীয় তাঁতিদের সঙ্গে পাল্লা দিয়ে পারছি না। এসময় নতুন কারিগর তৈরিতে পথশিশুদের তাঁত প্রশিক্ষণ দেওয়ার আহ্বান জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত