বাজার থেকে কেনা সয়াবিন আদৌ সয়াবিন কি না সেটা নতুন করে ভাবার কথা জানিয়েছেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী।
তিনি বলেছেন, ‘বাজারে যে দামে সয়াবিন বিক্রি হচ্ছে, ওই দামে আসল সয়াবিন পাওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। বিনা এখন উন্নত মানের সয়াবিন, সরিষা, বাদাম ও সূর্যমুখী চাষের ব্যবস্থা করেছে।’
রবিবার দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে বিনা উপকেন্দ্রের প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত কৃষকদের এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বীরেশ কুমার আরও বলেন, ‘কৃষকরা ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় ধান চাষের ওপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাই বিনার সয়াবিন চাষের মাধ্যমে তারা অধিক লাভবান হতে পারবে। সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে সয়াবিন ক্রয় করার আগ্রহ প্রকাশ করেছে। পরমাণু গবেষণার মাধ্যমে নতুন নতুন জাতের ফসলের বিজ উৎপাদন করার ওপর গুরুত্ব দিয়েছে বিনা।’
