যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে সৌদি সেনাদের

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১০:৩০ পিএম

যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণরত সৌদি আরবের সামরিক বাহিনীর সদস্যদের বহিষ্কার করা হতে পারে। ফ্লোরিডায় মার্কিন নৌবাহিনীর ঘাঁটিতে সৌদি বিমানবাহিনীর এক কর্মকর্তার বন্দুক হামলার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিতে পারে পেন্টাগন।

সিএনএন, রয়টার্সসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত ৬ ডিসেম্বরের ফ্লোরিডার নৌবাহিনীর ঘাঁটিতে সৌদি বিমানবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট মোহাম্মেদ সায়িদ আলশামরানি (২১) মার্কিন তিন নাবিককে গুলি করে হত্যা করেন। কিন্তু যেসব সৌদি সামরিক সদস্যকে বহিষ্কার করা হচ্ছে তারা আলশামরানিকে সহায়তা করার দায়ে অভিযুক্ত নন।

ফ্লোরিডার ওই ঘটনার পর ১০ ডিসেম্বর এক ঘোষণায় পেন্টাগন জানায়, তারা যুক্তরাষ্ট্রে সৌদি আরবের সামরিক বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ স্থগিত করেছে। এরপর ১৯ ডিসেম্বর আরেক ঘোষণায় পেন্টাগন জানায়, তাদের পর্যালোচনায় যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত সৌদি আরবের প্রায় ৮৫০ জন সামরিক বাহিনীর শিক্ষার্থীর দিক থেকে কোনো হুমকি পাওয়া যায়নি। এফবিআই জানিয়েছে, ওই ঘটনা আলশামরানি একাই ঘটিয়েছেন বলে বিশ্বাস মার্কিন তদন্তকারীদের। রয়টার্স বলছে, এ বিষয়ে পেন্টাগনের কাছে প্রশ্ন পাঠানো হলে তারা বিচার বিভাগের কাছে প্রশ্নগুলো পাঠিয়ে দেয়।

এদিকে বিষয়টি নিয়ে মার্কিন বিচার বিভাগ তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বলে দাবি সিএনএনএ’র। এফবিআই ও ওয়াশিংটন ডিসির সৌদি দূতাবাসও কোনো মন্তব্য করেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত