ক্যাসিনো কাণ্ডে বহিষ্কৃত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার স্ত্রীসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুই ঘণ্টা তাদের জিজ্ঞাসাবাদ করে দুদকের একটি দল। দুদকের পরিচালক ইকবাল হোসেন দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, যাদের জিজ্ঞাসাবাদ করা হয়, তারা হলেন খালেদ মাহমুদের স্ত্রী সুরাইয়া আক্তার, খালেদের ভাই মাসুদ মাহমুদ ভূঁইয়া ও খালেদের ভাই হাসান মাহমুদের স্ত্রী মনসুরা ইয়াসমিন। এর আগে ৭ জানুয়ারি তাদের তলব করে নোটিস দেয় দুদক।
গত বছরের ১৮ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর দিনই রাজধানীর ইয়াংমেনস ফকিরাপুল ক্লাবে অভিযান চালানো হয়। একই দিন গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক (পরে বহিষ্কার) খালেদ মাহমুদ ভূঁইয়াকে। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও অর্থ পাচার আইনে আলাদা মামলা করে র্যাব। আর ৫ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৫৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২১ অক্টোবর মামলা করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম। মামলার তদন্ত চলছে। আর তদন্তের অংশ হিসেবে খালেদের স্ত্রীসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এদিকে যুবলীগ ঢাকা দক্ষিণের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে করা মামলার তদন্তের অংশ হিসেবে সম্রাটের স্ত্রী শারমিন চৌধুরী ও সম্রাটের ভাই রফিককে আজ সোমবার দুদকে হাজির হতে নোটিস দেওয়া হয়েছে।
