চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের যমজ বোন ও সংসদ সদস্য অ্যারোমা দত্তের মা প্রতীতি দত্ত দেবী (৯৫) মারা গেছেন। গতকাল রবিবার রাত ৮টা ৪০ মিনিটে মারা যান শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের এই পুত্রবধূ।
মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করে অ্যারোমা দত্ত জানান, সোমবার সকাল ১০টায় মগবাজার সেঞ্চুরি টাওয়ার প্রাঙ্গণে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হবে।
প্রতীতি দত্ত দেবী বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সর্বশেষ তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
কিংবদন্তি চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক ও প্রতীতি দেবী ১৯২৫ সালের ৪ নভেম্বর পুরান ঢাকার ঋষিকেশ দাস রোডে জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে দেশভাগের সময় ঋত্বিক, তার বড় ভাই সাহিত্যিক মণীশ ঘটক, মণীশ ঘটকের কন্যা মহাশ্বেতা দেবীসহ পরিবারের অধিকাংশ সদস্যই চলে গিয়েছিলেন পশ্চিমবঙ্গে। কিন্তু পরে নিজের দেশে ফিরে আসেন প্রতীতি। তার বিয়ে হয় ভাষা সংগ্রামী ও পূর্ব পাকিস্তানের মন্ত্রী ধীরেন্দ্রনাথ দত্তের পুত্র সঞ্জীব দত্তের সঙ্গে। পুত্র রাহুল দত্ত ও কন্যা অ্যারোমা দত্তকে নিয়ে এই বাংলাতেই তিনি থেকে যান।
ভাইয়ের স্মৃতি নিয়ে তিনি লেখেন ‘ঋত্বিককে শেষ ভালোবাসা’ নামে জনপ্রিয় একটি বই।
