যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জঙ্গি বিলাল গ্রেপ্তার

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ০৮:২৪ পিএম

২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বিলাল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট। গত রবিবার রাত ২টায় জেলা পুলিশের সহায়তায় পটুয়াখালীর মহিপুর থানার আলিপুর বাজার থেকে তাকে প্রেপ্তার করা হয়।

সোমবার সকালে পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মঈনুল হাসান।

তিনি জানান, ২০০৫ সালে সারা দেশে ৬৩ জেলায় জেএমবি যে বোমা হামলা চালায় ওই মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি বিলাল মিয়া। বিলাল খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার মোয়াজ্জেমপুর এলাকার নুরুল আলমের পুত্র। ঘটনার পর বিলাল আত্মগোপনে চলে যায়। সে বিভিন্ন সময় ভুয়া জন্মনিবন্ধন তৈরি করে একাধিক ছদ্মনাম ব্যবহার করে ঢাকা, সাভার, নারায়ণগঞ্জসহ দেশের প্রত্যন্ত এলাকায় আত্মগোপন করেছিল। সর্বশেষ ২০০৭ সালের অক্টোবর মাসে রুবেল নাম ব্যবহার করে পটুয়াখালীর মহিপুর থানাধীন এলাকায় রাজমিস্ত্রির কাজ নেয়।

জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট এন্টি টেররিজম ইউনিটের একটি চৌকস দল দীর্ঘদিন তাকে নজরদারি করছিল। দলটি তাকে অনুসরণ করে পটুয়াখালী জেলায় এসে কয়েক দিন অবস্থান করে সর্বশেষ রবিবার রাতে তাকে গ্রেপ্তার করে।

বিলালের বর্তমান সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে যাচাই-বাছাই করার জন্য তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে বলেও জানান পুলিশ সুপার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত