মানুষকে অর্থ দান করার নতুন এক দৃষ্টান্ত রাখলেন জাপানি ধনকুবের ইউসাকু মেজাওয়া। নিজের টুইটার ফলোয়ারদের দান করে দিয়েছেন কোটি কোটি টাকা।
রয়টার্স জানায়, সামাজিক অভিজ্ঞতার জন্য মানুষকে এই অর্থ দান করেন ইউসাকু। যার মধ্যে অনেকেই আছেন তার প্রতিষ্ঠানের কর্মী। অর্থ প্রাপ্তিতে মানুষ কেমন সুখী হয়, সেটির অভিজ্ঞতা নিতে এমন কাণ্ড করেন তিনি।
যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশযান নির্মাণ ও গবেষণার প্রতিষ্ঠান স্পেসএক্সের অন্যতম বিনিয়োগকারী ৪৪ বছর বয়সী ইউসাকু। বর্তমানে দুই শ কোটি ডলারের সম্পদের মালিক এই জাপানি ব্যবসায়ী।
নতুন বছরের প্রথমদিন তার টুইটার অ্যাকাউন্টে তার পোস্টে যারা রিটুইট করেছেন তাদের মধ্যে ১ হাজার ফলোয়ারকে তিনি ৯০ লাখ ডলার ভাগ করে দিয়ে দেন, বাংলাদেশি মুদ্রায় যা ৭৬ কোটি টাকার চেয়েও বেশি।
প্রতিজন টুইটার ফলোয়ার পেয়েছেন ৭ লাখ ৬০ হাজার টাকা করে। কোনো ধরনের শর্ত ছাড়াই প্রথম এক হাজারজনকে এই টাকা দিয়ে দেয়া হয়।
এক ইউটিউব পোস্টে ইউসাকু জানান, সামাজিক অভিজ্ঞতা লাভ করতে এমন কাজ করেছেন তিনি। আগামী বছর পর্যন্ত মাসিক ভিত্তিতে আরও টাকা তাদের মধ্যে দান করা হবে বলে তিনি জানান। এই টাকা খরচ করতে কোনো শর্তও প্রযোজ্য নয়।
২০২৩ সালে ইলোন মাস্কের স্পেসএক্সে প্রথম প্রাইভেট নভোচারী হতে যাচ্ছেন ইউসাকু। এই প্রথম চাঁদে কোনো মানুষ নিজের খরচে পা রাখবেন।
