শেখ রাসেল জাতীয় উদ্যান সংলগ্ন বিলের বাঁধ কেটে দিয়েছে গ্রামবাসী

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ০৮:৪৯ পিএম

সম্ভাবনাময় পর্যটন এলাকা শেখ রাসেল জাতীয় উদ্যান সংলগ্ন আশুড়ার বিলের ক্রস ড্যামটি কেটে দিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার ভোরে প্রথম দফায় বিলের ভেতরে নির্মিত বাঁধটি কেটে পানি ছেড়ে দেয় শতাধিক গ্রামবাসী।

সকালে উপজেলা প্রশাসন সেটি মেরামতে গেলে হামলার চেষ্টা হয় তাদের ওপরও। প্রশাসনের সামনেই আরেক জায়গায় কাটা হয় বাঁধ। পরে পুলিশের সহায়তায় সেটি সংস্কারের কাজ শুরু করে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে প্রায় দেড় হাজার একরের বিলটিতে অবৈধভাবেই স্থানীয়রা ধান চাষ করত। গত বছর বিরামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমান স্থানীয় এমপি ও জেলা প্রশাসনে সহযোগিতায় অভিযান চালিয়ে দখলদারদের উচ্ছেদ করেন। সেখানে দৃষ্টিনন্দন কাঠের ব্রিজ এবং ক্রস ড্যাম নির্মাণ করেন। বিলটিতে পানি জমতে শুরু করে। পুরো বিল ভরে যায় শাপলা আর পদ্মতে।

দীর্ঘ বিশ বছর পর আসতে থাকে অতিথি পাখি। বাড়তে থাকে পর্যটক। তবে গত ১ জানুয়ারি মো. মশিউর রহমান বদলি হয়ে গেলে বাঁধ কাটার পরিকল্পনা শুরু করেন স্থানীয়রা। পরিকল্পনামতো ক্রস ড্যামটি কেটে দেওয়া হয়।

খবর পেয়ে সকালেই বর্তমান ইউএনও নাজমুন নাহার, সহকারী কমিশনার (ভূমি) আল মামুন পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে বাঁধ মেরামত শুরু করেন। এরই মধ্যে দুপুর ১টার দিকে এলাকাবাসী হামলা চালায় প্রশাসনের লোকজনের ওপর। কেটে দেয় বাঁধটির দুটি স্থানে। পরে বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিথুন সরকার অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাঁধটি সংস্কারে সর্বাত্মক সহযোগিতা করেন।

ইউএনও নাজমুন নাহার জানান, স্থানীয় সাংসদ ও প্রশাসনের সহযোগিতায় আশুড়ার বিলসহ জাতীয় উদ্যানে বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। একটি সুবিধাবাদী দলের ইন্ধনে দখলদাররা বিলটি দখল করতে পরিকল্পিতভাবে বাঁধটি কেটে দেয়।

তিনি জানান, এই ঘটনায় উপজেলা প্রশাসন, ভূমি অফিস ও পুলিশের পক্ষ থেকে আলাদা মামলা করা হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত