চিরিরবন্দরে ৫ বছরের শিশুকে ধর্ষণ

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ১১:০৯ পিএম

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ৫ বছরের শিশুকে ২১ বছর বয়সী মোর্সালিন ইসলাম নামের এক ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুর ১টার দিকে চিরিরবন্দর উপজেলার মথুরাপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা যায়। বিকেলে স্থানীয়রা ধর্ষককে আটক করে থানা-পুলিশের হাতে সোপর্দ করেন।  

চিরিরবন্দর থানায় এদিন রাত সাড়ে ৯টার দিকে ওই শিশুর বাবা বাদী হয়ে ধর্ষক মোর্সালিনের বিরুদ্ধে একটি মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দুপুরের দিকে শিশুটি তার ফুপাতো বোনের সঙ্গে বাড়ির উঠানে খেলা করছিল। এমন সময় মোর্সালিন কৌশলে শিশুটিকে নির্মাণাধীন বাড়ির ভেতর নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন বিষয়টি টের পায়। ধর্ষক তাদের আগমন লক্ষ্য করে সেখান থেকে প্রাচীর ডিঙিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার দেশ রূপান্তরকে নিশ্চিত করে বলেন, আমরা ইতিমধ্যে ধর্ষক মোর্সালিনকে আটক করে আমাদের থানা হেফাজতে নিয়ে এসেছি। ধর্ষকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত