আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ: অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নিহত

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ১১:৫০ পিএম

মাগুরায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গত সোমবার রাতে মহম্মদপুরের বালিদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ মোল্লা (৬০) পুলিশের উপ-পরিদর্শক ছিলেন। তিনি একই গ্রামের নূরুল ইসলাম মোল্লার ছেলে। সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন আরও চারজন। আহতদের মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ।

এদিকে সাঈদ মোল্লা হত্যার ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার সকালে বালিদিয়া গ্রামের অন্তত ২৫টি বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ব্যাপক লুটপাটের ঘটনা ঘটেছে। সাঈদ মোল্লার সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে পুনরায় সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশের পাশাপাশি র‌্যাব মোতায়েন করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী আহত তারিকুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, বালিদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মিনা ও আওয়ামী লীগ নেতা ইউনুচ শিকদারের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। নিহত সাঈদ মোল্লা ইউনুচের সমর্থক ছিলেন।

গত সোমবার রাত ৯টার দিকে কয়েকজনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে পাশের বড়রিয়া গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন সাঈদ মোল্লা। বালিদিয়া চৌরাস্তার মোড়ে পৌঁছামাত্র মিনার সমর্থকরা তাদের ওপর হামলা করেন।

এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সাঈদ মোল্লাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত ওহিদ (৫০), রিপন (৪০) ও মফিদুল (৪৫) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মহম্মদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৈয়দ মুস্তায়িন আলী জানান, প্রায় ২ ঘণ্টার প্রচেষ্টার পর ৭টি বাড়ি ও পাটকাঠির গাদার আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। আগুনে প্রায় ৫৫ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। 

মহম্মদপুর থানার ওসি তারেক বিশ্বাস জানান, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এছাড়া যেকোনো পরিস্থিতি সামাল দিতে পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে কয়েকটি সড়কে যান চলাচলে চেকপোস্ট বসানোর পাশাপাশি পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত