রহস্যজনক বিস্ফোরণ আশুলিয়ায় দগ্ধ ২

আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ০২:০৬ এএম

আশুলিয়ার একটি বাড়িতে ‘রহস্যজনক’ বিস্ফোরণে দুই পোশাকশ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার কারণ নিশ্চিত করে না জানাতে পারলেও ‘শৌচাগারের গ্যাস বিস্ফোরণে’ এ দুর্ঘটনা হয়ে থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ। গত সোমবার গভীর রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জিরাবো এলাকায় ৮ নম্বর ইউপি সদস্য মোহাম্মদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন সিলভার অ্যাপারেলস কারখানার শ্রমিক জুলহাস (৪৫) ও শাহিন (৩৮)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বহুতল ভবনটির চতুর্থ তলার একটি কক্ষে হাসিব নামে একজন তার দুই সহকর্মীকে নিয়ে ভাড়ায় বসবাস করে আসছিলেন। সোমবার রাতে কাজ শেষে ফিরে কক্ষে প্রবেশ করে কিছু সময় অবস্থানের পর বিকট আওয়াজে একটি বিস্ফোরণ ঘটে। এতে কক্ষে থাকা জুলহাস ও শাহিনের শরীর ঝলসে যায়। বিস্ফোরণে ভবনটির দেয়ালের কিছু অংশ ভেঙে পড়ে ও বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়।

আশুলিয়া থানার এসআই অহিদ মিয়া জানান, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। কক্ষটির ভেতরে কোনো সিলিন্ডার কিংবা গ্যাস সরবরাহ লাইন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, কক্ষের দরজা ও জানালা বন্ধ থাকা অবস্থায় টয়লেটের গ্যাস কক্ষের ভেতরে প্রবেশ করে ভীষণ চাপের সৃষ্টি হয়। পরে তা আগুনের সংস্পর্শে এলে বিস্ফোরণ ঘটে। তবে অধিকতর তদন্তের পরই এ ব্যাপারে নিশ্চিত করে বলা সম্ভব হবে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত