ঢাকার কেরানীগঞ্জে অপহরণের তিন দিন পর অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর ধানম-ি আবাহনী ক্লাব এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। একই সঙ্গে মো. রবিন ও মো. হৃদয় নামে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই রফিকুল ইসলাম জানান, গত ১১ জানুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির পাশেই সিরাজের কাঠবাগান এলাকায় ঘুরতে গিয়ে অপহরণের শিকার হয় ওই ছাত্রী। রাত হয়ে গেলেও বাসায় না ফেরায় চারদিকে খোঁজাখুঁজির পর কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন ছাত্রীটির বাবা। এরপর গত তিন দিন ধরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও বিভিন্ন কৌশল অবলম্বন করে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। পরে তার শারীরিক অবস্থা পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, ‘আসামিদের যেন সর্বোচ্চ শাস্তি হয়, বিজ্ঞ আদালতের কাছে আমরা সেই আবেদন করব।’
