টেকনাফে মাদকের চালান খালাসের সময় বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা মাদক কারবারি নিহত হয়েছে।
মঙ্গলবার ভোরে র্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল মাদকের চালান খালাসের সংবাদ পেয়ে অভিযানে গেলে মাদক কারবারি চক্রের সশস্ত্র সদস্যরা র্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। র্যাব সদস্যরাও পাল্টা গুলিবর্ষণ করার কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থল তল্লাশি করে অস্ত্র ও মাদকসহ গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়।
সেখানে তাদের চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।
তাদের পকেটে থাকা পরিচয়পত্রের সূত্রধরে নিহতরা কুতুপালং শরণার্থী ক্যাম্পের হোছাইন শরীফের পুত্র আবুল হাশিম (৩০) এবং শামসুল আলমের পুত্র মো. আইয়ুব (২৪) বলে শনাক্ত করে র্যাব। মৃতদেহ ২টি পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
কক্সবাজার র্যাব ৭ এর সহকারী পুলিশ সুপার শাহ আলম এর সত্যতা নিশ্চিত করেছেন।
