নওগাঁর ধামইরহাটে গত মঙ্গলবার রাতে ব্যাংকসহ ৭টি সরকারি অফিসে জানালার গ্রিল ও দরজার তালা ভেঙে টাকা ও মূল্যবান কাগজ চুরির ঘটনা ঘটেছে।
উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চোরেরা উপজেলা ভূমি অফিস, উপজেলা শিক্ষা অফিস, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক, বিআরডিবি অফিস, উপজেলা মৎস্য অফিস, উপজেলা হিসাবরক্ষণ অফিস ও যুব উন্নয়ন অফিসের জানালার গ্রিল ও দরজা ভেঙে অফিসে ঢোকে। অফিসগুলোর আলমারি ও ফাইল ক্যাবিনেট ভেঙে মূল্যবান কাগজপত্র তছনছ করেছে। এ ছাড়া মৎস্য ও উপজেলা ভূমি অফিসের আলমারিতে থাকা টাকা চুরি হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় রাত ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিভিন্ন অফিসে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গণপতি রায় দেশ রূপান্তরকে বলেন, অফিসগুলোর নৈশপ্রহরীরা ঘুমিয়ে পড়ায় চুরির ঘটনা তারা টের পাননি।
