শীতে রকমারি চা

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ০৩:৩৫ এএম

সারা বছর যেমন-তেমন হলেও শীতে চায়ের চাহিদা তুঙ্গে। কয়েক ধরনের চায়ের রেসিপি দিয়েছেন সুজানা সুমী

ব্যাম্বো চা

উপকরণ

পানি দুই কাপ, চা পাতা ২ টেবিল চামচ, গুঁড়ো দুধ আধা কাপ,

চিনি স্বাদমতো, এলাচ ২টি।

যেভাবে তৈরি করবেন

১. প্রথমে পানি ও এলাচ চুলায় মাঝারি আঁচে ফুটতে দিতে হবে। পানি ফুটে এলে চা পাতা দিয়ে প্রায় ২০ মিনিট অল্প আঁচে ফোটাতে হবে।

২. এবার ফুটন্ত এই চা বাঁশের ছোট ছোট রোল কেটে তাতে ঢেলে নিয়ে চুলায় তন্দুরি স্টাইলে জ্বালাতে হবে ৫ মিনিট।

৩. ফুটন্ত অবস্থায় এলাচ তুলে ফেলে দিতে হবে।

৪. সবশেষে চা পাতা ছেঁকে গুঁড়ো দুধ ও স্বাদমতো চিনি মিশিয়ে বাঁশের ছোট ছোট স্পেশাল রোল বা যেকোনো পাত্রে ঢেলে পরিবেশন করুন পাহাড়ের ট্রেডিশনাল এই ভিন্ন স্বাদের ব্যাম্বো চা।

কাঁচা মরিচের মিন্ট চা

উপকরণ

চা পাতা এক চা চামচ, পানি দেড় কাপ, কাঁচা মরিচ একটা ছোট, পুদিনা পাতা কুচি এক চা চামচ , চিনি স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন

১. প্রথমেই চুলায় পানি, পুদিনা পাতা কুচি ও চা পাতা দিয়ে ১০ মিনিট ফোটাতে দিতে হবে।

২. এবার পরিবেশন পাত্রে কাঁচা মরিচ কুচি ও কয়েকটা পুদিনা পাতা দিয়ে তাতে ফুটন্ত চায়ের লিকার ঢেলে দিন।

৩. স্বাদমতো চিনি মিশিয়ে পরিবেশন করুন পুদিনা আর কাঁচা মরিচের ঝাল চা। শীতে এই চা পান খুবই উপকারি।

হায়দ্রাবাদি দম চা

উপকরণ

পানি দুই কাপ, চা পাতা ২ টেবিল চামচ, এলাচ ৬টি, জাফরান সামান্য, ঘন তরল দুধ ৩ টেবিল চামচ, চিনি স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন

১. চুলায় মাঝারি আঁচে পাত্রে পানি এলাচ ও চা পাতা দিয়ে ঢেকে প্রায় ১৫ মিনিট জ্বাল দিতে হবে।

২. এমনভাবে পাত্রটা ঢেকে জ্বাল দিতে হবে, যেন বাতাস বের হতে না পারে।

৩. সুন্দর গন্ধ বের হয়ে এলে চা ছেঁকে পরিবেশন পাত্রে ঢেলে দুধ ও স্বাদমতো চিনি মিশিয়ে পরিবেশন করেই হয়ে যাবে দম চা।

মাল্টা চা

উপকরণ

চা পাতা এক চা চামচ, মাল্টার রস আধা কাপ, পানি আধা কাপ, চিনি স্বাদমতো, লেবুর রস আধা চা চামচ।

যেভাবে তৈরি করবেন

১. চুলায় মাল্টার রস ও পানি একত্রে মিশিয়ে ফুটে না ওঠা পর্যন্ত জ্বাল দিতে হবে।

২. এই অবস্থায় চা পাতা দিয়ে আরও ৩ মিনিট জ্বালান।

৩. এবার চা ছেঁকে পাত্রে ঢেলে নিয়ে তাতে স্বাদমতো চিনি, লেবুর রস দিয়ে মিশিয়ে ওপরে কয়েক টুকরো মাল্টা কুচি ছড়িয়ে পরিবেশন করুন ধোয়া চমৎকার ফ্লেভারের মাল্টা চা।

মালাই চা

উপকরণ

মিল্কি কুকিজ বা বিস্কুট ২ পিস, গুঁড়ো দুধ আধা কাপ, পানি দেড় কাপ, চা পাতা দুই টেবিল চামচ, চিনি স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন

১. প্রথমে চুলায় পানি ফুটিয়ে তাতে চা পাতা দিয়ে প্রায় ১০ মিনিট মাঝারি আঁচে জ্বাল দিতে হবে।

২. এবার গরম চা পরিবেশন পাত্রে ঢেলে তাতে মিল্ক বিস্কুট প্রথমে গলিয়ে নিন।

৩. এতে গুঁড়ো দুধ ও স্বাদমতো চিনি মিশিয়ে নিলেই তৈরি মজার মালাই চা।
 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত