মুন্সীগঞ্জে বিকাশ ও ফ্ল্যাক্সি লোডের এজেন্ট মোয়াজ্জেম দেওয়ান হত্যা মামলায় সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে এক জনাকীর্ণ আদালতে সিনিয়র দায়রা জজ হোসনে আরা এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- আল আমিন শেখ, শাহজাহান ভূঁইয়া, খোরশেদ আলম, মাসুম সরদার, শামীম শেখ, আল মামুন মোল্লা ও আ. রাজ্জাক ওরফে জাক্কা। দণ্ডপ্রাপ্ত আসামি সবার বাড়ি জেলার টঙ্গীবাড়ি উপজেলায়।
নিহত মোয়াজ্জেম হোসেনের বাড়ি জেলার টঙ্গীবাড়ি উপজেলার কান্দাপাড়া গ্রামে।
কোর্ট ইন্সপেক্টর জামাল উদ্দিন জানান, সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামি আল আমিন শেখ, শাহজাহান ভূঁইয়া, খোরশেদ আলম ও শামীম শেখের উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। বাকি ৩ আসামি পলাতক রয়েছে। মামলায় ১৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
মামলার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে মোয়াজ্জেম দেওয়ান দোকান বন্ধ করে নিজ বাড়ি টঙ্গীবাড়ি উপজেলার কান্দাপাড়া গ্রামে ফিরছিলেন। পথে উপজেলার দ্বিপাড়া গ্রামের হিজল গাছের নিচে এলে সাতজনের একটি সংঘবদ্ধ গ্রুপ তাকে চেপে ধরে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তার সঙ্গে থাকা নগদ দেড় লাখ টাকা ও বিকাশ ও ফ্ল্যাক্সি লোড করার ৫টি মোবাইল ফোন সেট ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মোয়াজ্জেমকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরদিন নিহত মোয়াজ্জেমের বাবা বাদী হয়ে টঙ্গীবাড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন।
