প্রতারণার অভিযোগে রূপসা মাল্টি পারপাস কো-অপারেটিভ সোসাইটির তিনজনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার ৮ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মুসা হাওলাদার (৩৯), রাসেল হাওলাদার (৩৫) ও গোলাম ফয়সাল (৩৪)।
গতকাল বৃহস্পতিবার ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সোলায়মান মিয়া জানান, গ্রেপ্তারকৃতরা ঢাকার মতিঝিলে রূপসা মাল্টি পারপাস কো-অপারেটিভ সোসাইটি গড়ে তোলেন। পরে তারা প্রতিষ্ঠানের আড়ালে এনামুল হক নামে এক ব্যক্তি থেকে মাসিক লভ্যাংশ দেওয়ার চুক্তিনামা মূলে ৩ কোটি ১০ লাখ টাকা নেন। এভাবে অনেকের থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার পর অফিস বন্ধ করে আত্মগোপনে চলে যায়।
অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। এক পর্যায়ে তথ্য-প্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম ইপিজেড থানা এলাকা থেকে গত বুধবার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। ঢাকার মতো চট্টগ্রামেও চক্রটি রূপসা উন্নয়ন ফাউন্ডেশন গড়ে তুলে একইভাবে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।
