বকেয়া দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ০২:৩৯ এএম

বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করেছেন রাজধানীর শ্যামলী এলাকার ক্রিয়েটিভ ফ্যাশন নামে একটি গার্মেন্টসের শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে প্রায় ৩ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। এ সময় মিরপুর সড়কসহ রাজধানী জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে ডায়নামিক গ্রুপের ক্রিয়েটিভ ফ্যাশনের সামনের সড়কে শ্রমিকরা অবস্থান নেন। এতে গাবতলী থেকে ফার্মগেট এবং আশপাশের সড়কের দুই পাশে আটকে যায় শত শত যান। আমিনবাজার পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে।

শ্রমিকদের অভিযোগ, তাদের ৩ মাসের বেতন বকেয়া। নতুন বছরে ইনক্রিমেন্টও দেওয়া হচ্ছে না। সেই সঙ্গে দেওয়া হচ্ছে ছাঁটাইয়ের হুমকি। বকেয়া আদায়ে মালিকপক্ষকে বাধ্য করতে তারা সড়ক অবরোধ করেছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক বিভাগ) মফিজউদ্দিন আহমেদ জানান, সপ্তাহের শেষ দিন স্বাভাবিকভাবেই যানজট থাকে। তবে এর সঙ্গে যুক্ত হয়েছে শ্যামলীর শ্রমিক অবরোধ। শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে বিকেলের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত