পূজার দিন নির্বাচনের তারিখ ঘোষণা অন্যায় : ড. কামাল

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ০২:৪০ এএম

কোনো ধর্মীয় উৎসবের সময় নির্বাচন আয়োজন করা মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। তিনি বলেছেন, ‘সরস্বতী পূজার দিনে ঢাকা সিটি নির্বাচনের তারিখ ঘোষণা সরকারের অন্যায় কাজ। এমন ঘটনা অতীতে কোনো দিন হয়নি। ঈদ ও পূজার দিন যদি নির্বাচন হয়, তা সরকারের গাফিলতি ও ব্যর্থতা।’ গতকাল বৃহস্পতিবার বিকেলে মতিঝিলে ড. কামাল হোসেনের আইনি চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ড. কামাল হোসেন বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে সরকারদলীয় প্রার্থী, মন্ত্রী ও এমপিরা নির্বাচন আচরণবিধি ভঙ্গ করছে। এ ছাড়া ঐক্যফ্রন্ট সমর্থিত প্রার্থীদের নির্বাচনী গণসংযোগে বাধা এবং হামলা করছে। এতে প্রমাণ করে নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশ নেই। এ ব্যাপারে নির্বাচন কমিশন (ইসি) কোনো ব্যবস্থা নিচ্ছে না।’ এ সময় তিনি জানান, ঢাকার দুই সিটি নির্বাচন উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ২টি করে মোট ৪টি পথসভা করবে জাতীয় ঐক্যফ্রন্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত