প্রয়োজনে সরস্বতী পূজার জন্য ঢাকা সিটি করপোরেশন নির্বাচন পেছানোর পক্ষে মত দিয়েছেন উত্তরের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার নির্বাচনী প্রচার শুরুর আগে সাংবাদিকদের কাছে তিনি এ অভিমত ব্যক্ত করেন।
আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোট হওয়ার কথা। ২৯ ও ৩০ জানুয়ারি সরস্বতী পূজা থাকায় এ ভোটের তারিখ পরিবর্তনের দাবি উঠেছে।
গতকাল মিরপুরের আলোকদী ঈদগাহ মাঠে পথসভায় অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম। সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশে সব ধর্মের লোক বাস করে, সবারই উৎসব পালনের অধিকার রয়েছে। অমি অবশ্যই মনে করি, সরস্বতী পূজার কারণে যদি নির্বাচন পেছানোর দরকার হয় সেটা করতে হবে। এ সময় নির্বাচন কমিশনের সব আচরণবিধি মেনে প্রচার চালাচ্ছেন দাবি করে বিএনপি তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে বলে অভিযোগ করেন আতিকুল ইসলাম।
ঈদগাহ মাঠের পথসভায় তিনি বলেন, আমি দলের নেতাকর্মীদের অনুরোধ করব, আমাদের কোনো পোস্টার ছেঁড়া লাগবে না। কাউকে বাধা দেওয়া লাগবে না। আমি বরং ওয়েলকাম করব, প্রয়োজন পড়লে বিএনপির প্রার্থীর পোস্টার আমি লাগিয়ে দেব। কিন্তু ছিঁড়ব না। আতিকুল বলেন, আওয়ামী লীগ বিশ্বাস করে গণতন্ত্রের রাজনীতি। আমি বলব ৩০ তারিখ পর্যন্ত নির্বাচনে থাকুন, দেখুন জনগণ কাকে নির্বাচনে বিজয়ী করে।
