রূপসায় ১৩৭ কেজি ওজনের কৈবল মাছ

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ১২:৪৭ এএম

খুলনা নগরীর রূপসায় মাছের আড়তে ১৩৭ কেজি ওজনের একটি কৈবল মাছ আসার খবর পাওয়া গেছে। মাছটি ১ লাখ ৫ হাজার টাকায় বিক্রি হয়ে যায়।

গভীর সমুদ্রে জেলেদের জালে ধরা পড়া মাছটি বৃহস্পতিবার সকালে ওই বাজারের সোহান ফিশ নামের প্রতিষ্ঠানে নিয়ে আসেন এক ব্যবসায়ী। পরে মাছটি নিজেরা খাওয়ার জন্য এক লাখ পাঁচ হাজার টাকায় কিনে নেন স্থানীয় ব্যবসায়ীরা।

বিশাল আকারের ওই মাছটি দেখতে শত শত মানুষ জড়ো হয়ে ছবি তোলার আনন্দে মেতে ওঠেন।

বাজার কমিটির নির্বাহী পরিচালক মো. রমজান আলী হাওলাদার এ মাছটির প্রথম দাম হাঁকেন ৬০ হাজার টাকা। সেই ডাক লাখে উঠে যায়। শেষ দাম হয় এক লাখ পাঁচ হাজার টাকা।

মাছটি রূপসা মৎস্য বাজারে নিয়ে আসা তালা উপজেলার গোবিন্দ সরকার জানান, গত শনিবার এ মাছটি তাঁদের জালে ধরা পড়ে। এর আগে তিনি এত বড় কৈবল মাছ দেখেননি।

মাছটির সর্বোচ্চ দরদাতা মো. রমজান আলী হাওলাদার বলেন, মাছটি বাজারের ৫০ জন ব্যবসায়ী মিলে কিনেছেন। এ ধরনের মাছ যে কেউ কাটতে পারে না। সে কারণে নগরের বড় বাজার থেকে লোক ঠিক করে নিয়ে আসা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত