তাপমাত্রা বাড়লেও কুয়াশা

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ০১:৩০ এএম

দিনাজপুরের হাকিমপুরে গতকাল শুক্রবার সূর্যের দেখা মেলায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে অব্যাহত রয়েছে শীত। সে কারণে এখনো স্বাভাবিক হয়নি সেখানকার মানুষের জীবনযাত্রা। হিমেল বাতাস ও ঘন কুয়াশা শীতের মাত্রা যেমন বাড়িয়ে দিয়েছে তেমনি ব্যাহত হচ্ছে যান চলাচল। আয় রোজগার কমায় বিপাকে পড়েছেন দিনমজুররা।

স্থানীয়রা জানায়, সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা পড়ে আকাশ। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে, কুয়াশার কারণে দিনের বেলাতেও সড়কে হেডলাইট চালিয়ে সড়কে চলাচল করছে যানবাহন। শীতে ভুগছে বয়স্ক ও শিশুরা। দুর্ভোগ পোহাচ্ছেন হতদরিদ্র ও ছিন্নমূল মানুষ। শীতে কাজে যেতে না পেরে বিপাকে পড়েছেন দিনমজুররা। তবে গতকাল সূর্যের দেখা মেলায় দিনের বেলা তাপমাত্রা কিছুটা বেড়েছে।

হোটেল শ্রমিক রমজান আলী বলেন, ‘অনেক সকালে কাজে আসতে হয়। একে তো শীত, এর ওপর প্রচণ্ড কুয়াশা। সাইকেল নিয়ে আসতে চোখে দেখা যায় না। এ শীতে কাজ করতেও সমস্যা হচ্ছে। হাত-পা ঠাণ্ডায় বরফের মতো হয়ে যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠতেও মন চায় না। তারপরও কাজ না করলে চলবে কীভাবে, বাধ্য হয়ে আসতে হয়।’

রিকশা ও ভ্যানচালক আসলাম হোসেন ও সিরাজুল ইসলাম জানান, ঠান্ডা ও কুয়াশার কারণে চলাফেরা করা যাচ্ছে না। ভ্যান-রিকশা চালাতে সমস্যা হচ্ছে। এর ওপর মানুষজন তেমন একটা বের হচ্ছে না। আয় রোজগার অর্ধেকে নেমে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত