সাভারে কারখানা ভাঙচুর

শ্রমিকদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ০২:৫৮ এএম

বকেয়ার দাবিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারের তেঁতুলঝোড়া এলাকার রাকেফ অ্যাপারেলস কারখানার ভেতর বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় ভাঙচুর ও লুটপাট হয়েছে অভিযোগ তুলে গতকাল সকালে বহিরাগত চার যুবককে প্রধান আসামি করে অজ্ঞাত আরও ৬০-৭০ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করেন কারখানার উপমহাব্যবস্থাপক শাকিল মাহমুদ। এরই মধ্যে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

২২ জানুয়ারি বকেয়া পরিশোধ করার কথা জানিয়ে মামলার বাদী বলেন, ‘কারখানার প্রায় তিন হাজার শ্রমিকের এক মাসের বেতন দেওয়ার কথা ছিল বৃহস্পতিবার। কিন্তু ব্যাংকের জটিলতার কারণে তা দিতে না পারায় শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে বহিরাগতরা শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে কারখানায় ভাঙচুর ও লুটপাট চালায়। ধারণা করা হচ্ছে, একটি স্বার্থান্বেষী মহল শ্রমিকদের উসকে দিয়ে কর্র্তৃপক্ষকে চাপে ফেলে ফায়দার চেষ্টা করছে। তার দাবি, ওই সময় কারখানার প্রায় তিন কোটি টাকা মূল্যের মালামাল লুট হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার এসআই এনামুল হক বলেন, এ ঘটনায় ঠাকুরগাঁওয়ের রাসেল (১৮), লালমনিরহাটের ইয়াছিন (২১), ফরিদপুরের সিয়াম (১৬) ও সৈয়দপুরের মিলনকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত