সাভারের আমিন বাজার এলাকা থেকে অস্ত্রধারী সাত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার সকাল ৯টার দিকে আমিনবাজার মমতাজ ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ শতাধিক ফেনসিডিল, বিদেশি পিস্তল এবং ওয়ান শু¨টার গান উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো– নাসিরুল ইসলাম (৩৬), শরীফুল ইসলাম (৩৭), আবদুল কাইয়ুম (৩৩), সাইরন আলী (৩৮), সাহাবুর ইসলাম (২২), আবু সায়েম (৩২) ও শামীম রেজা (২২)। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাভারের আমিনবাজার মমতাজ ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে সাত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
তাদের নামে বিভিন্ন থানায় একাধিক অস্ত্র ও মাদক মামলা রয়েছে। কেউ তাদের বিরুদ্ধে অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাত। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ বিভিন্ন এলাকা হতে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, আমিন বাজার, গাবতলী, আশুলিয়া, কালিয়াকৈরসহ আশপাশ এলাকায় বিভিন্ন ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে থাকে।
