বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তালুকদার মনিরুজ্জামানরা সব সময় আসেন না। পৃথিবীতে খুব ক্ষণজন্মা পুরুষ তারা। সেই অল্প সময়ে তারা তাদের অবস্থা জানান দিয়ে যান। তাকে নিয়ে অনেক কথা অনেক স্মৃতি আছে সেদিকে না গিয়ে এটুকু বলতে চাই, তালুকদার মনিরুজ্জামানের চলে যাওয়া দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।’
গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্রবিজ্ঞানী ও জাতীয় অধ্যাপক প্রয়াত তালুকদার মনিরুজ্জামানের স্মরণে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, আজ আমরা যে রাষ্ট্র তৈরি করেছি সেখানে মানুষের কোনো অধিকার নেই। সাধারণ মানুষ তারা একেবারে সাধারণ হয়ে গেছে। তিনি বলেন, আজ যারা শাসকগোষ্ঠী তারা খুব সচেতনভাবেই দেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে।’
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে ফখরুল বলেন, প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের অপরাধ কী? অপরাধ যে মাঝে মাঝে তিনি কিছু লিখতেন, তার পত্রিকায় কিছু সত্য কথা বেরুতো। এজন্য একটি হত্যা মামলার সঙ্গে জড়িত করা হয়েছে, তাকে প্রধান আসামি করে প্রথম আলোর নয়জনকে আসামি করা হয়েছে। ঠিক একইভাবে মাহমুদুর রহমানের (দৈনিক আমার দেশ সম্পাদক) পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাকে দীর্ঘকাল কারাগারে আটক করে রাখা হয়েছিল।
