ঢাকার দুই সিটি নির্বাচনে কাউন্সিলর পদে বিদ্রোহী প্রার্থীদের জন্য আওয়ামী লীগ শেষ বা ধ্বংস হয়ে যাচ্ছে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল শনিবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমি একটু জানতে চাই, এখানে বিদ্রোহী থাকলে আপনাদের অসুবিধা কী? বিদ্রোহীদের জন্য আওয়ামী লীগ শেষ ও ধ্বংস হয়ে যাচ্ছে এমন তো না। এটা হয়েই আসছে।’
বিদ্রোহী প্রার্থী নিয়ে কাজ করা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ‘কাউন্সিলরদের মধ্যে কিছু কিছু প্রার্থী আছেন, যারা দলীয় মনোনয়ন উপেক্ষা করে নিজেরা প্রার্থী হয়েছেন। তাদেরকে বসানোর ব্যাপারে আমাদের সিটিতে যে শৃঙ্খলা কমিটি রয়েছে তারা সক্রিয় রয়েছে, ব্যবস্থা নিচ্ছে, কেউ কেউ এর মধ্যে সাড়াও দিয়েছে। এ বিষয়টি নিয়ে আমরা আলাদাভাবে কাজ করছি।’
ইভিএম নিয়ে বিএনপির মনোভাব প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের কাছে মনে হয়, পরাজয় নিশ্চিত জেনে তারা ইভিএমের বিরুদ্ধে বিষোদগার করছে। আসলে ইভিএমটা টার্গেট নয়। এটার ছুতো ধরেই তারা নির্বাচনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে।’
ঢাকা সিটি নির্বাচনে অবশ্যই জয়লাভ করব বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি সব সময়ই দিবাস্বপ্ন দেখে। গণজোয়ারও তাদের একটা দিবাস্বপ্ন, যা দুঃস্বপ্নে পরিণত হবে। নির্বাচনে জেতার মতো কোনো অবস্থা তারা সৃষ্টি করতে পারেনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, তারা কেন ভাবছে, জনগণ বিরোধী দলের মেয়র নির্বাচন করবে?’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, সাখাওয়াত হোসেন শফিক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।
