যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কম বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেছেন, আমেরিকার মতো উন্নত দেশের চেয়েও বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অনেক কম। দেশে হাতে গোনা কিছু বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়। তবে সরকার একটিও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চায় না। এটি পুরোপুরি বন্ধ করতে সরকার কাজ করছে।
গতকাল শনিবার সিলেটে জেলা প্রশাসন ও তথ্য কমিশন আয়োজিত ‘তথ্য অধিকার আইন-২০০৯ ও অনলাইন ট্র্যাকিং সিস্টেম’ অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশে বিচারবহির্ভূত হত্যা নিয়ে অসত্য তথ্য ফলাও করে প্রচার করা হয়। অনেক সংবাদমাধ্যম অসত্য তথ্য প্রচার করে। কিন্তু তথ্য অধিকার আইনের মাধ্যমে সঠিক তথ্যের নিশ্চয়তা দিয়েছে সরকার। এই আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালায় বক্তব্য দেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম প্রমুখ।
পিঠা বানালেন পররাষ্ট্রমন্ত্রী : নগরীর রিকাবীবাজারে সিলেট জেলা স্টেডিয়ামের বাস্কেটবল গ্রাউন্ডে গতকাল শুরু হয়েছে চার দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে নিজ হাতে পিঠা তৈরি করেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ এ কে আবদুল মোমেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে পিঠা তৈরির সব উপকরণ ও চুলা নিয়ে মঞ্চে ওঠেন আয়োজকরা। পরে নিজ হাতে মালপোয়া পিঠা তৈরি করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় পররাষ্ট্রমন্ত্রীর স্ত্রী সেলিনা মোমেন তাকে পিঠা তৈরিতে সহযোগিতা করেন।
