বিএনপি জয়ী হওয়ার জন্য নয়, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে বিতর্কিত করার জন্য অংশ নিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তাদের আচরণ, কথাবার্তায় একটা বিষয় দিবালোকের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে তারা যে নির্বাচনে অংশগ্রহণ করছেএটা লোকদেখানো। গতকাল রবিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূতের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘আসলে তারা (বিএনপি) নির্বাচনটাকে বিতর্কিত করতে চায়, প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের নির্বাচনে জেতার কোনো লক্ষণ নেই। পরাজয় নিশ্চিত জেনে তারা আজকে আবোলতাবোল বলছে। কখনো নির্বাচন কমিশনকে, কখনো ইভিএম নিয়ে, কখনো সরকারের ভূমিকা নিয়ে তারা বিভিন্ন ধরনের বক্তব্য রেখে যাচ্ছে। এগুলো আসলে নির্বাচনটাকে বিতর্কিত করার টার্গেট এবং সেটাই তারা করে যাচ্ছে।’ থাইল্যান্ডের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার বিষয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং এমআরটি লাইন-৬-এর ৩ ও ৪ নম্বর প্যাকেজ বাস্তবায়ন করছে ইতাল-থাই। এর অগ্রগতি নিয়ে আলাপ-আলোচনা হয়েছে। তাদের আরও দ্রুত করতে বলেছি।’
মিয়ানমারের রাখাইন রাজ্যে গভীর সমুদ্রবন্দর স্থাপনে চীনের আগ্রহের কারণে রোহিঙ্গাদের ফেরা নিয়ে আশা কমে যাচ্ছে কি নাÑ জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের স্বার্থ ক্ষুণ করার মতো বিষয় এখনো দেখছি না। আমাদের স্বার্থ ক্ষুণœ করার মতো কিছু হলে আমরা অবশ্যই অবজেকশন রাইজ করব।’
