আবরার হত্যা মামলায় অভিযোগ আমলে নিয়েছে আদালত

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ০২:৪২ পিএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২৫ ছাত্রের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আদালত।

ঢাকার মহানগর দায়রা জজ কে ইমরুল কায়েস মঙ্গলবার অভিযোগ আমলে নিয়ে ৩০ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন।

দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ আমলে নিয়ে আদালত বলেছেন, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাবে।

এর আগে সকালে আবরার হত্যা মামলায় গ্রেপ্তার ২২ জনকে কারাগার থেকে আদালতে তোলা হয়। কয়েকজন আসামির পক্ষে মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করা হয়।

মামলার তিন আসামি মোর্শেদুজ্জামান জিসান, এহতেশামুল রাব্বি তানিম ও মুজতবা রাফিদ পলাতক রয়েছেন।

বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় গত ১৩ নভেম্বর ২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

অভিযোগপত্রে বলা হয়, ক্রিকেট স্টাম্প, মোটা দড়ি দিয়ে নির্যাতন করার একপর্যায়ে আবরার ফাহাদ বমি ও প্রস্রাব করে ফেলেন। এরপর তাকে হলের বাথরুমে নিয়ে যাওয়া হয়। বদলানো হয় তার জামাকাপড়।

অভিযোগপত্রে আরও বলা হয়, ছাত্রশিবির করার ‘তথ্যের’ ভিত্তিতে আবরারকে নিষ্ঠুরভাবে পিটিয়ে হত্যা করা হয়।

পরস্পর যোগসাজশে পরস্পরের সহায়তায় ছাত্রশিবির সন্দেহে আবরারের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অভিযোগ এনে নির্মমভাবে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে।

গত ৬ অক্টোবর দিবাগত রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একদল নেতাকর্মী।

অভিযোগপত্রভুক্ত ২৫ আসামির মধ্যে ২১ জনকে গ্রেপ্তার করা হয়। একজন আদালতে আত্মসমর্পণ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত