রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি মোড়ে বাসের ধাক্কায় আহত নুরুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের ভায়রা আ. সালাম জানান, নুরুল ইসলামের বাড়ি সিরাজগঞ্জে। চিকিৎসার জন্য সোমবার তিনি গ্রাম থেকে বনানী টিএন্ডটি কলোনিতে ভায়রার বাসায় আসেন। মঙ্গলবার রাতে মালিবাগের একটি হাসপাতালে যান তিনি। সেখান থেকে আবার বনানীর বাসায় ফেরার সময় চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি বাস থেকে নেমে রাস্তা পারের সময় আরেকটি বাস তাকে ধাক্কায় দেয়।
এতে তিনি গুরুতর আহত হলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
